ধেয়ে আসছে ৫২৪ ফুট আকারের গ্রহাণু

১৬ আগষ্ট, ২০১৯ ২১:২৭  
পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি বিশাল আকৃতির গ্রহাণু। গ্রহাণুটি আকারে তাজ মহল ও কুতুব মিনারের চেয়েও বড়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ২৮ আগস্ট গ্রহাণুটি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে। তাই গ্রহাণুটির গতিবিধির ওপর কড়া নজর রাখছেন তারা। তবে এটি পৃথিবীকে আঘাত করবে না বলেই দাবি করেছেন নাসার বিজ্ঞানীরা। তাদের মতে, সেদিন পৃথিবীর খুব কাছ দিয়ে গ্রহাণুটি বেরিয়ে যাবে। গত কয়েক বছর ধরেই পৃথিবীর দিকে বিপজ্জনক আকৃতির গ্রহাণু ধেয়ে আসার ঘটনা বৃদ্ধি পেয়েছে। একারণেই যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা কয়েক বছর আগে বিপজ্জনক গ্রহাণুকে ঠেকাতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। সাধারণত পৃথিবী থেকে ৩০ হাজার মাইলের মধ্যে থাকলে তাকে ‘‌নিয়ার আর্থ অবজেক্ট’‌ বলা হয়৷ বিজ্ঞানীরা মনে করছেন, পৃথিবীর কাছাকাছি প্রায় ১৮ হাজার গ্রহাণু ঘুরে বেড়াচ্ছে৷ তার মধ্যে ১৮০০ গ্রহাণু বিপজ্জনক৷ তার মধ্যে আবার ১৫০টি অত্যন্ত বিপজ্জনক৷‌‌ নাসা’র তথ্য অনুযায়ী, গ্রহাণুটির গতিবেগ প্রতি সেকেন্ডে ১৮ কিলোমিটার। ৫২৪ ফুটের এই গ্রহাণুটি যখন পৃথিবীর খুব কাছে চলে আসবে, তখন তার দূরত্ব হবে প্রায় ৬৩৯০০০ মাইল। এটির নাম দেওয়া হয়েছে ‘‌২০১৯ ওইউওয়ান’‌।